Logo
×

Follow Us

অর্থনীতি

প্রথম দিনেই সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ হাজার গ্রাহক পেলেন টাকা

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পিএম

প্রথম দিনেই সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ হাজার গ্রাহক পেলেন টাকা

ফাইল ছবি

শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমে ফিরতে শুরু করেছে। এরই অংশ হিসেবে সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে আমানতকারীদের টাকা ফেরত দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনেই প্রায় ৬ হাজার গ্রাহককে ২৫০ কোটি টাকা ফেরত দিয়েছে ব্যাংকটি।

আমানত ফেরতের পাশাপাশি একই দিন অনলাইনে অর্থ স্থানান্তর সেবাও চালু করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক। ফলে দীর্ঘদিন ধরে নানা সংকটে থাকা ব্যাংকটির কার্যক্রমে ধীরে ধীরে গতি ফিরছে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। সাবেক অন্তর্বর্তী সরকার এ উদ্যোগ নেয়। নতুন ব্যাংক প্রতিষ্ঠিত হলেও একীভূত পাঁচ ব্যাংকের শাখাগুলো এখনো পৃথকভাবে পরিচালিত হচ্ছে। এসব ব্যাংকের সারাদেশে মোট শাখা রয়েছে ৭৬১টি।

অমানত ফেরতের প্রথম দিনে গ্রাহকেরা নিজ নিজ শাখায় গিয়ে টাকা উত্তোলন করেন। এর আগে ১ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত টাকা ফেরত নিতে আগ্রহী আমানতকারীদের কাছ থেকে আবেদন নেওয়া হয়।

গ্রাহকদের আমানত ফেরত দেওয়ার জন্য সম্মিলিত ইসলামী ব্যাংককে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্ধারিত সময়ে মোট ৭৪ হাজার আমানতকারী ৩ হাজার ৯২৫ কোটি টাকা ফেরতের আবেদন করেন। গ্রাহকেরা টাকা তুলতে গিয়ে যাতে অর্থসংকটে না পড়েন, সে জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা রাখা হয়েছে।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবেদুর রহমান সিকদার জানিয়েছেন, যারা টাকা ফেরতের জন্য আবেদন করেছেন, তাদের সবার অর্থ ফেরতের ব্যবস্থা করা হয়েছে। তবে প্রথম দিন সব আবেদনকারী ব্যাংকে এসে টাকা তোলেননি। যোগাযোগ করা হলে অনেকেই তাদের অর্থ আপাতত ব্যাংকেই রাখার কথা জানিয়েছেন। আবার কেউ কেউ টাকা উত্তোলনের পর অল্প সময়ের মধ্যেই তা পুনরায় ব্যাংকে জমা দিয়েছেন।

রাজধানীর গুলশান, মহাখালী, বনানী ও মতিঝিল এলাকার কয়েকটি শাখা ঘুরে দেখা যায়, গ্রাহকদের অর্থ পরিশোধের জন্য পর্যাপ্ত নগদ অর্থের ব্যবস্থা রাখা হয়েছে। সকাল থেকেই টাকা তুলতে বিভিন্ন শাখায় গ্রাহকদের উপস্থিতি দেখা যায়। ব্যাংক কর্মকর্তারা ফুল দিয়ে গ্রাহকদের স্বাগত জানান এবং নিয়ম মেনে আবেদন করা ব্যক্তিদের অর্থ ফেরত দেন।

একীভূত হওয়া ইউনিয়ন ব্যাংকের উত্তরা শাখার ব্যবস্থাপক এ বি এম মোকাররম মাহমুদ জানান, প্রথম দিনে আটজন গ্রাহক টাকা উত্তোলনের আবেদন করেছিলেন। তাদের মধ্যে চারজন টাকা নিয়েছেন। বাকিদের সাথেও যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি যেসব গ্রাহকের মুনাফার অর্থ জমা রয়েছে, তারাও তা উত্তোলন করতে পারছেন।

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর আর্থিক সংকটে থাকা পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করার উদ্যোগ নেয়া হয়। পাঁচ ব্যাংকের মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক চট্টগ্রামের ব্যবসায়ী সাইফুল আলম (এস আলম)-এর নিয়ন্ত্রণে ছিল। অন্যদিকে এক্সিম ব্যাংকের নিয়ন্ত্রণে ছিলেন নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার।

এস আলম ও নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণে থাকার সময়ে ব্যাংকগুলোতে বড় ধরনের ঋণ অনিয়মের অভিযোগ ওঠে। রাজনৈতিক পরিবর্তনের পর দেশি-বিদেশি আর্থিক নিরীক্ষায় এসব অনিয়মের বিভিন্ন তথ্য উঠে আসে। নিরীক্ষা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, একীভূত পাঁচ ব্যাংকের প্রায় ৮০ শতাংশ ঋণ লুটপাট করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এর ফলে ব্যাংকগুলো গভীর আর্থিক সংকটে পড়ে এবং আমানতকারীদের অর্থ ফেরত দেয়ায় জটিলতা তৈরি হয়।

এ পরিস্থিতি মোকাবিলায় পাঁচ ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের উদ্যোগ নেয়া হয়। একই সাথে আগের মালিকদের মালিকানা বাতিল করে ব্যাংকগুলোর মালিকানা সরকারের হাতে নেয়া হয়। গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেয়ার পর বিএনপি সরকারও সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূত কার্যক্রম এগিয়ে নিচ্ছে।

মন্তব্য করুন