তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পিএম
তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
উপজেলা পর্যায় থেকে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা বাছাই করে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্বাচিত উদ্যোক্তার জন্য দেওয়া অর্থের অর্ধেক থাকবে ঋণ এবং বাকি অর্ধেক অনুদান হিসেবে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়। কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের উদ্যোগে কর্মসূচিটি বাস্তবায়ন করা হবে।
কর্মসূচির আওতায় তফসিলি ব্যাংকগুলো নিজেদের শাখা নেটওয়ার্ক কাজে লাগিয়ে বিভিন্ন উপজেলার সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করবে। পরে আবেদনকারীর ব্যবসায়িক পরিকল্পনা, উদ্যোগের সম্ভাবনা এবং প্রকৃত অর্থের প্রয়োজন যাচাই করে অর্থায়নের সিদ্ধান্ত নেওয়া হবে।
নির্বাচিত উদ্যোক্তারা সর্বোচ্চ ২০ লাখ টাকার প্যাকেজ পাবেন। ঋণের অংশে গ্রাহক পর্যায়ে সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৪ থেকে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ অর্থ পেতে কোনো সহায়ক জামানত দিতে হবে না।
তবে নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধে ব্যর্থ হলে অনুদানের অংশও সুদবিহীন ঋণে পরিণত হবে। একই সঙ্গে ঋণ হিসাব প্রচলিত নিয়মে শ্রেণিকৃত হয়ে খেলাপি হিসেবে বিবেচিত হবে। এর ফলে সংশ্লিষ্ট উদ্যোক্তা ভবিষ্যতে ঋণ পাওয়ার ক্ষেত্রে অযোগ্য হয়ে পড়বেন।
কর্মসূচিতে আবেদন করতে হলে বাংলাদেশের প্রাপ্তবয়স্ক নাগরিক হতে হবে। আবেদনের শেষ তারিখে বয়স সর্বোচ্চ ২৮ বছর এবং সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আগে ব্যবসা পরিচালনার অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক নয়; তবে আবেদনকারীর একটি বাস্তবসম্মত ব্যবসায়িক ধারণা থাকতে হবে।
কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন, সেবা ও প্রযুক্তিভিত্তিক ব্যবসাসহ সব ধরনের বৈধ উদ্যোগ এ কর্মসূচির আওতায় বিবেচনা করা হবে। আবেদন করতে কোনো ফি লাগবে না। সংশ্লিষ্ট উপজেলার বাসিন্দারা যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কর্মসূচির বিস্তারিত নির্দেশনা সম্বলিত সার্কুলার আগামী ১৬ সেপ্টেম্বর জারি করা হবে। সার্কুলার প্রকাশের পর এক মাস আবেদন গ্রহণ করা হবে।
প্রাথমিক পর্যায়ে দেশের আট বিভাগের আট জেলা—মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনার ৬৪টি উপজেলায় কর্মসূচি চালু হবে। প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জন তরুণ উদ্যোক্তাকে নির্বাচন করা হবে।
পরবর্তী সময়ে দেশের অন্যান্য জেলার উপজেলাগুলোতেও এ কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। তখন প্রতিবছর প্রায় ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে অর্থায়ন ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
শুধু অর্থায়নের মধ্যে কর্মসূচি সীমাবদ্ধ থাকবে না। নির্বাচিত উদ্যোক্তাদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, অভিজ্ঞ মেন্টরের পরামর্শ, ব্যবসা নিবন্ধন ও ব্যবসায়িক পরিকল্পনা তৈরিতে সহায়তা এবং বাজারের সঙ্গে সংযোগ তৈরির সুযোগ দেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে সফল ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে উপজেলা পর্যায়ের তরুণরা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে যুক্ত হয়ে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)