৭ সেপ্টেম্বর থেকে আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৭:৪৮ পিএম
সংগৃহীত ছবি
সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি গ্রাহকদের আমানতের মূল টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হবে আগামী ৭ সেপ্টেম্বর। প্রাথমিক পর্যায়ে গ্রাহকেরা নিজ নিজ হিসাবে জমা থাকা মূল অর্থ এককালীন উত্তোলন বা নগদায়ন করতে পারবেন। তবে উত্তোলন করা অর্থের ওপর কোনো মুনাফা দেওয়া হবে না। এ জন্য ১ সেপ্টেম্বর থেকে ব্যাংকের শাখাগুলোতে আবেদন গ্রহণ করা হবে।
ব্যাংকের প্রধান কার্যালয় থেকে জারি করা এক বিশেষ নির্দেশনায় সব বিভাগীয় প্রধান, জোনাল প্রধান ও শাখা ব্যবস্থাপকদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও অপারেশনসের প্রধান সমন্বয়ক এ এফ সাব্বির আহমদ এতে স্বাক্ষর করেছেন।
বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি গ্রাহকদের স্বাভাবিক ব্যাংকিং লেনদেন পুনরায় চালু হওয়ার কথা রয়েছে। তবে শাখা ও উপশাখাগুলোর নগদ অর্থের চাহিদা নির্ধারণ, কেন্দ্রীয় ব্যাংক থেকে নগদ সরবরাহ নিশ্চিত করা এবং নিরাপদে নগদ ব্যবস্থাপনার জন্য প্রস্তুতিমূলক সময় প্রয়োজন। এ কারণে ৭ সেপ্টেম্বর থেকে আমানতের মূল অর্থ ফেরতের কার্যক্রম পুরোদমে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আল-ওয়াদিয়া চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব এবং বিভিন্ন মেয়াদি হিসাব—এর মধ্যে এমটিডিআর ও ডিপিএস—থেকে গ্রাহকেরা তাদের জমা করা মূল টাকা উত্তোলন করতে পারবেন।
তবে যেসব গ্রাহক হিসাব বন্ধ না করে চালু রাখবেন, তারা বিদ্যমান চুক্তি অনুযায়ী নির্ধারিত হারে মুনাফা পেতে থাকবেন। ব্যাংকের কার্যক্রম পরবর্তী সময়ে পুরোপুরি স্বাভাবিক হলে গ্রাহকেরা মুনাফাসহ যেকোনো পরিমাণ অর্থ জমা ও উত্তোলনের সুযোগ পাবেন।
এ সিদ্ধান্তের ফলে ৭ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি গ্রাহকদের আমানতের মূল অর্থ ফেরতের সুযোগ তৈরি হচ্ছে। ব্যাংক কর্তৃপক্ষ এ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইতোমধ্যে শাখা পর্যায়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)