Logo
×

Follow Us

অর্থনীতি

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের জিপিএফের আসল টাকা ফেরতের উদ্যোগ

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০১:৫৩ পিএম

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের জিপিএফের আসল টাকা ফেরতের উদ্যোগ

ফাইল ছবি

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত যেসব কর্মচারীর জেনারেল প্রভিডেন্ট ফান্ডের (জিপিএফ) মূল অর্থ সরকারি হিসাবরক্ষণ কার্যালয়ে জমা রয়েছে, তা ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (সিজিএ)। এ জন্য সংশ্লিষ্ট কর্মচারীদের জিপিএফ হিসাবের প্রয়োজনীয় তথ্য নির্ধারিত ছকে সংগ্রহ করে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সিজিএ কার্যালয় থেকে গত ২৫ আগস্ট এ-সংক্রান্ত চিঠি জারি করা হয়। উপ-হিসাব মহানিয়ন্ত্রক মোহাম্মদ আলমগীর হোসেন স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কর্মকর্তাদের এ নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠির তথ্য অনুযায়ী, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও পৌরসভার কিছু কর্মচারী বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয়ে জিপিএফ হিসাব খুলে সরকারি চালানের মাধ্যমে চাঁদা জমা দিয়ে আসছিলেন। পরে সংশ্লিষ্ট স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নিজস্ব আইন অনুযায়ী তাদের জিপিএফ হিসাব পরিচালিত হওয়ায় সরকারি হিসাবরক্ষণ কার্যালয়ে থাকা পুরোনো হিসাবের অর্থ ফেরত চেয়ে কর্মচারীরা আবেদন করছেন।

এ অবস্থায় সরকারি হিসাবরক্ষণ কার্যালয়ে সংরক্ষিত জিপিএফ হিসাব থেকে শুধু জমাকৃত মূল অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। এজন্য সংশ্লিষ্ট কর্মচারীদের হিসাবের তথ্য নির্ধারিত ছকে সংগ্রহ করে সিজিএ কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, উপজেলা হিসাবরক্ষণ অফিস এবং জেলা হিসাবরক্ষণ/জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে সংরক্ষিত জিপিএফ হিসাবের তথ্য ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টসের (ডিসিএ) মাধ্যমে যাচাই ও প্রত্যয়ন করতে হবে। পাঠানো তথ্যে শুধু জিপিএফে জমা থাকা মূল বা আসল অর্থের পরিমাণ উল্লেখ করতে হবে। কোনো মুনাফা, সুদ বা অন্য কোনো প্রাপ্য অর্থ এতে যোগ করা যাবে না।

প্রত্যয়নকারী কর্মকর্তাকে হিসাবের অর্থের পরিমাণ সঠিক বলে নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রত্যয়নে উল্লেখ করতে হবে যে সংশ্লিষ্ট কর্মচারীকে শুধু মূল অর্থ ফেরত দেওয়া হবে, ওই হিসাবের বিপরীতে ভবিষ্যতে তাঁর আর কোনো অতিরিক্ত দাবি থাকবে না এবং তিনি এর আগে ওই মূল অর্থ গ্রহণ করেননি।

সিজিএর এই নির্দেশনা ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস (ডিসিএ), ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার এবং উপজেলা হিসাবরক্ষণ অফিসারদের কাছে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগের ফলে সরকারি হিসাবরক্ষণ কার্যালয়ে আগে জমা থাকা জিপিএফের মূল অর্থ ফেরত পাওয়ার আবেদন যাচাই ও নিষ্পত্তির প্রক্রিয়া আরও এগিয়ে যাবে। এতে ইউনিয়ন, উপজেলা, জেলা পরিষদ ও পৌরসভার সংশ্লিষ্ট কর্মচারীদের পুরোনো জিপিএফ হিসাব নিষ্পত্তির পথও সহজ হবে।

মন্তব্য করুন