ছবিঃ সংগৃহীত
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অনুমোদন দিয়েছে সরকার। সোমবার (২৪ আগস্ট) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪১তম সভায় এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাব সভায় উপস্থাপন করা হলে কমিটি তা অনুমোদন করে।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, পোসকো ইন্টারন্যাশনাল করপোরেশন থেকে ১৩-১৪ সেপ্টেম্বর সময়ের জন্য এক কার্গো এলএনজি কেনা হবে। প্রতি এমএমবিটিইউর দাম নির্ধারণ করা হয়েছে ২৪ দশমিক ৬২৫ মার্কিন ডলার।
অন্যদিকে, টোটাল এনার্জি থেকে ২৩-২৪ সেপ্টেম্বর সময়ের জন্য আরও এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে প্রতি এমএমবিটিইউর দাম পড়বে ২৪ দশমিক ২৫ মার্কিন ডলার।
সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এলএনজি কেনার প্রস্তাবসহ মোট ১৩টি প্রস্তাব উপস্থাপন ও আলোচনা করা হয়। এর মধ্যে অনুমোদন পাওয়া দুই কার্গো এলএনজি দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় যুক্ত হবে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)