আট বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পিএম
সংগৃহীত ছবি
দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সাথে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, দক্ষিণ আন্দামান সাগর ও আশপাশের এলাকায় সৃষ্ট লঘুচাপটি শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। বর্তমানে এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগর এলাকায় অবস্থান করছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস, লঘুচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি শক্তি সঞ্চয় করতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনীতে ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সৈয়দপুরে ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, শনিবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নেত্রকোনায়। একই সময়ে রাজধানী ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২০ মিনিটে। রোববার সূর্যোদয় হবে ভোর ৬টা ৫ মিনিটে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)