Logo
×

Follow Us

সারাদেশ

সৌদি অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ ফিরল দেশে

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১০:৪৩ এএম

সৌদি অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ ফিরল দেশে

সংগৃহীত ছবি

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ১৬ বাংলাদেশির মধ্যে বাকি সাতজনের মরদেহ দেশে ফিরেছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৮টা ২১ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইট বিজি-৩৩৬ যোগে মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

গত ৯ আগস্ট রিয়াদের মানফুহা এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১৬ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। এর আগে গত ২৭ আগস্ট প্রথম দফায় নিহত নয়জনের মরদেহ দেশে আনা হয়েছিল। তাদের পরিচয় আঙুলের ছাপের মাধ্যমে নিশ্চিত করা হয়।

অন্যদিকে, আগুনে বাকি সাতজনের মরদেহ মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে দীর্ঘ প্রক্রিয়া শেষে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাঁদের পরিচয় নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জানা গেছে, গত ১০ অক্টোবর থেকে রিয়াদ থেকে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ দূতাবাসের বিশেষ উদ্যোগে মরদেহগুলো প্রথমে সড়কপথে রিয়াদ থেকে জেদ্দায় নেওয়া হয়। পরে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের বিশেষ ফ্লাইটে ঢাকায় পাঠানো হয়।

দেশে ফেরা সাতজনের মধ্যে রয়েছেন নওগাঁ সদর উপজেলার পার নওগাঁ গ্রামের শাহিন, আত্রাই উপজেলার দুবাই গ্রামের হাসিবুল হাসান, মধ্যবোয়ালিয়া গ্রামের মিনহাজ প্রামাণিক, মাধবপুর গ্রামের মাসিদুল সরদার ও সাহানগর গ্রামের সাগর আলী। অন্য দুজন হলেন নাটোরের লালপুর উপজেলার দীঘিরপাড়া গ্রামের মোহাম্মদ শামীম এবং খাজুরা গ্রামের শরিফ হোসেন।

বিমানবন্দর থেকে মরদেহ গ্রহণের পর স্বজনরা নিজ নিজ গ্রামের বাড়িতে নিয়ে দাফনের প্রস্তুতি শুরু করেছেন। এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানান, নিহতদের পরিবারের সাথে প্রশাসনের নিয়মিত যোগাযোগ রয়েছে। মরদেহ দাফনের ক্ষেত্রে প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক সহযোগিতা দেয়া হবে।

মন্তব্য করুন