সাবেক বিমানবাহিনী
তাহসিফের লাশ উদ্ধার: জিজ্ঞাসাবাদে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পিএম
সংগৃহীত ছবি
রাজধানীর উত্তরখানের তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরির (২৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার সাথে থাকা আহমেদ শাহরিয়ার রেজা দীপের দেয়া বক্তব্য ঘিরে তদন্তে নতুন তথ্য সামনে এসেছে। বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) হেফাজতে রয়েছেন দীপ।
পুলিশের একটি সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেছেন, ঘটনার সময় তারা রাজবাড়ী ঘাট এলাকায় কথা বলছিলেন। একপর্যায়ে পুলিশের কয়েকজন সদস্য তাহসিফকে ধাওয়া করলে তিনি নদীতে ঝাঁপ দেন। এ সময় দীপ সেখান থেকে পালিয়ে যান। তবে তার দেয়া বক্তব্যের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি যাচাই করতে তদন্তকারীরা কাজ করছেন।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা জানান, দীপকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাকে নিয়ে ঘটনাসংশ্লিষ্ট কয়েকটি স্থানে যাওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে।
এদিকে, বৃহস্পতিবার দিবাগত রাতে তুরাগ নদের রাজবাড়ী ঘাটের কাছাকাছি টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পিবিআই। মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় ৫০ গজ দূরে মোটরসাইকেলটি পাওয়া যায়। প্রাথমিকভাবে এটি তাহসিফের হতে পারে বলে ধারণা করা হলেও মালিকানা নিশ্চিত করতে যাচাই চলছে।
পিবিআই সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার মো. আবু ইউসুফ শুক্রবার সকালে জানান, উদ্ধার করা মোটরসাইকেলটি তাহসিফের কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। মোটরসাইকেলটি উত্তরখান থানায় নেয়া হয়েছে। ঘটনার তদন্তে নৌ পুলিশকেও সহযোগিতা করছে পিবিআই।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, রাজবাড়ী ঘাট এলাকাটি মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ডের জন্য পরিচিত। মাদক কারবারিদের ধাওয়া কিংবা অন্য কোনো পরিস্থিতিতে তাহসিফ নদীতে পড়ে ডুবে যেতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছাননি তদন্তকারীরা।
পরিবারের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার সন্ধ্যায় উত্তরার বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। ওই দিন দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে মাকে একটি ভয়েস মেসেজ পাঠিয়ে তিনি বাসায় ফেরার কথা জানান। কিন্তু এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
তাহসিফের মৃত্যুর ঘটনায় সন্দেহ প্রকাশ করেছেন তার বাবা কেএম এনায়েতুল করিম। তার দাবি, এটি আত্মহত্যার ঘটনা নয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা এবং এর সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ, ঘটনার সময় সেখানে কী ঘটেছিল এবং উদ্ধার হওয়া মোটরসাইকেলটির সাথে ঘটনার সম্পর্ক কী—এসব বিষয় সামনে রেখে তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)