Logo
×

Follow Us

সারাদেশ

পাবনায় গুলিতে বিএনপি ও শ্রমিক লীগ নেতা নিহত

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১০:৩৭ এএম

পাবনায় গুলিতে বিএনপি ও শ্রমিক লীগ নেতা নিহত

সংগৃহীত ছবি

পাবনার আতাইকুলায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা রিপন হোসেন (৪০) ও কার্যক্রম নিষিদ্ধ জাতীয় শ্রমিক লীগের নেতা আব্দুস সালাম (৫০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া হাটে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত রিপন হোসেন ধর্মগ্রাম এলাকার মৃত ওমেদ আলীর ছেলে। তিনি পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এবং আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ছিলেন। অন্যদিকে আব্দুস সালাম একই এলাকার মৃত আরজ আলী ব্যাপারীর ছেলে। তিনি পুষ্পপাড়া হাটের ইজারাদার ও জাতীয় শ্রমিক লীগের পাবনা সদর উপজেলা শাখার আহ্বায়ক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার হাটের খাজনা আদায় শেষে সন্ধ্যায় ইজারাদারের কক্ষে বসে বৈঠক করছিলেন রিপন ও সালাম। এ সময় মুখোশ পরা কয়েকজন দুর্বৃত্ত সেখানে ঢুকে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে দুজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতদের শরীরে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে। আব্দুস সালামের শরীরে দুটি এবং রিপন হোসেনের শরীরে তিনটি গুলির চিহ্ন রয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থলে উপস্থিত রিপনের ছোট ভাইয়ের দাবি, ৮ থেকে ১০ জনের একটি দল হাটের ইজারাদারের কক্ষে ঢুকে তাদের গুলি করে।

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রিপন হোসেনের দলীয় পরিচয় উল্লেখ করে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু বলেন, রিপন তাদের দলের কর্মী ছিলেন। সম্প্রতি পানিসম্পদমন্ত্রীর পাবনা সফর উপলক্ষে তাঁর মাধ্যমে ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছিল। এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

নিহত রিপনের এক চাচাতো ভাইও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য করুন