Logo
×

Follow Us

সারাদেশ

তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে অপেক্ষা

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পিএম

তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে অপেক্ষা

মরদেহে বাইরে থেকে দৃশ্যমান কোনো আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি

রাজধানীর তুরাগ নদ থেকে উদ্ধার হওয়া বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির শরীরে বাইরে থেকে দৃশ্যমান কোনো আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে নৌ-পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকা অঞ্চলের নৌ-পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য জানান। তিনি বলেন, মরদেহের অবস্থা তুলনামূলক ভালো ছিল। উদ্ধারের সময় তার পরনে কাবলি ধরনের পায়জামা-পাঞ্জাবি ছিল। পোশাকের পকেটে পাওয়া একটি আইফোনের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়।

নৌ-পুলিশ সুপার জানান, ফোনটি সচল অবস্থায় ছিল। পরে ফোনে একটি কল এলে তা গ্রহণের পর সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় জানা যায়। এরপর মরদেহটি শনাক্ত করার প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরখানের রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদে মরদেহটি ভাসতে দেখা যায়। বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর দেওয়া হলে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

উদ্ধারের পর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে আইনি প্রক্রিয়া অনুসরণ করে ময়নাতদন্তের জন্য তা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। উদ্ধারের সময় তাঁর হাতে একটি ঘড়ি এবং পকেটে আইফোন পাওয়া যায় বলেও পুলিশ জানিয়েছে।

আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহে দৃশ্যমান আঘাতের চিহ্ন না থাকলেও মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন প্রয়োজন। স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হলে তা বিবেচনায় নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছে পুলিশ।

মন্তব্য করুন