ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫১ পিএম
ছবিঃ সংগৃহীত
ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করেছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’। বর্তমানে এটি অন্ধ্র প্রদেশ ও সংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রাখা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সকালে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করে। এটি পরবর্তী সময়ে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে পারে। এর প্রভাবে আগামী কয়েক ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি এবং দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সাথে চলাচলের নির্দেশ দেয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আজ সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ পাবনা, সিরাজগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা ও বরিশাল জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আবহাওয়া পরিস্থিতির পরিবর্তনে এসব এলাকায় চলমান তাপপ্রবাহ প্রশমিত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩ মিনিটে হবে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)