ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করছে সরকার: মীর শাহে আলম
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পিএম
ছবিঃ বাসস
দেশে খেলাধুলার প্রসার, নতুন খেলোয়াড় তৈরি এবং নারী ক্রীড়াবিদদের এগিয়ে নিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়; এটি তরুণ প্রজন্মের মধ্যে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও সুস্থ জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে নারী ফুটবলারদের উৎসাহিত করতে তৃণমূল পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা প্রয়োজন।
রবিবার বিকেল ৪টায় বগুড়ার মোকামতলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নারী প্রীতি ফুটবল টুর্নামেন্টে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রখ্যাত চিকিৎসক ডা. জুবাইদা রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে মোকামতলা উপজেলা বিএনপি এ টুর্নামেন্টের আয়োজন করে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এ তথ্য জানান।
প্রতিযোগিতায় বগুড়া মহিলা ফুটবল একাদশ ও নীলফামারী মহিলা ফুটবল একাদশ অংশ নেয়। দুই দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে বগুড়াকে ১-০ গোলে হারিয়ে জয় তুলে নেয় নীলফামারী মহিলা ফুটবল একাদশ।
খেলা দেখতে মাঠে হাজারো দর্শকের সমাগম ঘটে। পুরো আয়োজনজুড়ে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকদের ভাষ্য, ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে ব্যতিক্রমী এ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য নারী ফুটবলারদের উৎসাহিত করা এবং তৃণমূল পর্যায়ে নারী ফুটবলের প্রসারে ভূমিকা রাখা।
ক্রীড়া সংশ্লিষ্টদের মতে, স্থানীয় পর্যায়ে এ ধরনের প্রতিযোগিতা নারী খেলোয়াড়দের প্রতিভা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ফুটবলে অংশগ্রহণ বাড়ানোর সুযোগ তৈরি করতে পারে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)