এবার কক্সবাজারের হোটেলে আগুন, অল্পে রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে ‘দ্য সি প্রিন্সেস’ নামের একটি আবাসিক হোটেলের পার্কিং এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সময় সেখানে তিন শতাধিক পর্যটক অবস্থান করছিলেন। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় সবাই নিরাপদে হোটেল থেকে বেরিয়ে আসেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকালে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পার্কিং এলাকায় থাকা জেনারেটরসহ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
হোটেল কর্তৃপক্ষ জানায়, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। হোটেলের কর্মীদের সহযোগিতায় প্রায় ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় হোটেলে অবস্থানরত পর্যটকেরা নিরাপদে ছিলেন।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, আগুন লাগার খবর পাওয়ার পর নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেনারেটরের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদের বলেন, হোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপণব্যবস্থা রয়েছে। কর্মীদের দক্ষতার কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। পর্যটকেরা নিরাপদে আছেন।
এর আগে ১৭ অক্টোবর উখিয়ার ইনানী এলাকার পাটুয়ারটেকে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যু হয়। ওই ঘটনার এক সপ্তাহের মাথায় কক্সবাজারের আরেকটি আবাসিক হোটেলে আগুন লাগার ঘটনা ঘটল।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)