Logo
×

Follow Us

সারাদেশ

নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে জড়িত বিএআরসির কর্মকর্তা গ্রেফতার

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০১:২৫ পিএম

নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে জড়িত বিএআরসির কর্মকর্তা গ্রেফতার

সংগৃহীত ছবি

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক সোহাগ ফকিরকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

বুধবার (২১ অক্টোবর) সিআইডির সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার (সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস) মো. ছুফি উল্লাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

সিআইডি জানায়, যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় দায়ের করা মামলার তদন্তে সোহাগ ফকিরের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে রাজৈর থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি স্মার্টফোনসহ বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে।

সিআইডি সূত্রে জানা গেছে, মামলার তদন্ত ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে সোহাগ ফকিরের অবস্থান শনাক্ত করা হয়। পরে নির্দিষ্ট স্থানে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। গ্রেফতার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে। পাশাপাশি মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় পরীক্ষাটি স্থগিত করা হয়। এ ঘটনায় পরদিন ১১ অক্টোবর রাজধানীর মতিঝিল থানায় মামলা করা হয়। ওই মামলার তদন্তের ধারাবাহিকতায় সোহাগ ফকিরকে গ্রেফতার করল সিআইডি।

মন্তব্য করুন