দুর্গাপূজায় স্বাধীনতার পর সর্বোচ্চ অনুদান দেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৫:১১ পিএম
সংগৃহীত ছবি
স্বাধীনতার পর এবার শারদীয় দুর্গাপূজা উদযাপনে সর্বোচ্চ আর্থিক অনুদান দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, পূজা নির্বিঘ্ন ও আনন্দমুখর করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও সনাতন ধর্মাবলম্বীদের পূজা উদযাপনে সহযোগিতা করছেন।
শনিবার নরসিংদীর মনোহরদী উপজেলার তামাকান্দা গ্রামে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল। প্রধানমন্ত্রী তারেক রহমানও অসাম্প্রদায়িক চিন্তাধারায় বিশ্বাস করেন। তার নেতৃত্বে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করে দেশকে এগিয়ে নিতে সরকার কাজ করছে।
তিনি আরো বলেন, সনাতন ধর্মাবলম্বীদের পাশে সরকার অতীতেও ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে।
বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লবের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন। এ সময় বেলাব উপজেলা বিএনপির সদস্যসচিব এম এ কাদের জলিল, মনোহরদী পৌর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান মিয়া, মনোহরদী পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাজিব রায় ও সাধারণ সম্পাদক সুকোমল মোধকসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে মনোহরদী ও বেলাব উপজেলার ৮০টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আর্থিক অনুদান তুলে দেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)