অফিসার্স ক্লাবে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পিএম
রাজধানীর রমনায় অফিসার্স ক্লাবের একটি নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে ভবনটির নিচতলায় সিঁড়ির পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এটি দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ ও অফিসার্স ক্লাব সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে ছোট মেয়েকে সাথে নিয়ে ক্লাবে প্রবেশ করেন মোশাররফ হোসেন। পরে মেয়েকে সুইমিংপুলের পাশে রেখে তিনি ক্লাবের নির্মাণাধীন ভবনের ভেতরে যান। প্রায় এক ঘণ্টা পর ভবনটির নিচতলায় সিঁড়ির পাশে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন নিরাপত্তাকর্মীরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মোশাররফ হোসেন অফিসার্স ক্লাবের সদস্য ছিলেন। তিনি রাজধানীর বনানীর জি-ব্লকের ৪০ নম্বর বাড়িতে বসবাস করতেন। তার দুই সন্তানের মধ্যে বড় মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্মাণাধীন ভবনের সিঁড়ি ও লিফটের পাশের একটি ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে এটি নিছক দুর্ঘটনা, নাকি অন্য কোনো ঘটনা জড়িত, তা নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফলাফলের অপেক্ষা করতে হবে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)