দুর্গাপূজার নিরাপত্তা দেখতে পল্টনের মন্দিরে ডিএসসিসি প্রশাসক
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩৫ এএম
সংগৃহীত ছবি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর পল্টন এলাকার বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব উদযাপন নিশ্চিত করতে তিনি এ পরিদর্শন করেন।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে মন্দিরগুলো পরিদর্শনকালে ডিএসসিসি প্রশাসক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলেন। এ সময় তিনি মন্দিরগুলোর নিরাপত্তাব্যবস্থা এবং পূজা উদযাপনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।
পরিদর্শনকালে আবদুস সালাম পূজা উদযাপন কমিটির নেতাদের সতর্ক থাকার আহ্বান জানান, যাতে উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও অনুরোধ করেন তিনি।
এ ছাড়া পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং দর্শনার্থীদের নিরাপদে উৎসব উদযাপনের পরিবেশ তৈরিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেন ডিএসসিসি প্রশাসক।
দুর্গাপূজাকে কেন্দ্র করে নগরীতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)