২১ ইউনিটের সাড়ে চার ঘণ্টার চেষ্টায় ড্রাগ ইন্টারন্যাশনালের আগুন নিয়ন্ত্রণে
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০১ পিএম
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন প্রায় সাড়ে চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টার পর বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরিন জুনায়েদ ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান।
ডিজি জানান, কারখানার চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। কারখানাটিতে পর্যাপ্ত পরিমাণে কেমিক্যাল ও অ্যালুমিনিয়ামজাতীয় দাহ্য পদার্থ থাকায় আগুন খুব দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে দ্বিতীয় ও চতুর্থ তলার ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি।
আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হয়েছেন। তবে ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানিয়েছেন, শেষ খবর পাওয়া পর্যন্ত এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি ওষুধ উৎপাদনকারী কারখানায় আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নেভানোর সহযোগিতা করে সেনাবাহিনী ও বিজিবি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের বহুতল ভবনে আগুন লাগে। প্রথমে কারখানা কর্তৃপক্ষ নিজেরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে তাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনসহ আশপাশের বিভিন্ন স্টেশন থেকে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। সব মিলিয়ে ২১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সোয়া তিন ঘণ্টার চেষ্টায় দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুনায়েদ জানান, কারখানাটিতে ওষুধ উৎপাদন করা হতো। আগুনে পাশাপাশি থাকা দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি ভবনের দ্বিতীয় ও চতুর্থ তলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরো জানান, আগুনের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় আশপাশের স্টেশন থেকে আরো ইউনিট যুক্ত করা হয়। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কারখানার ভেতরে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)