‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’পুরস্কার পাচ্ছে ১৫ তরুণ
৪৩২ যুব সংগঠন পাচ্ছে অনুদান
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পিএম
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক
স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে ১৫ তরুণ-তরুণীকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ দেবে সরকার। একই সাথে আত্মকর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখায় দেশের ৪৩২টি যুব সংগঠনকে মোট ৩ কোটি ৫৭ লাখ টাকা অনুদান দেয়া হবে।
আগামী ১৭ অক্টোবর শনিবার সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেবেন। পাশাপাশি নির্বাচিত যুব সংগঠনগুলোর প্রতিনিধিদের প্রতীকী চেক দেয়া হবে।
বুধবার সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, তরুণদের দেশপ্রেম, উদ্যম ও সামাজিক দায়বদ্ধতাকে স্বীকৃতি দেয়া এবং যুব সংগঠনগুলোর কার্যক্রম জোরদার করার লক্ষ্যে যুবকল্যাণ তহবিলের আওতায় এ দুটি উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে স্থায়ীভাবে প্রবর্তিত ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড এবং ২০২৫-২৬ অর্থবছরের প্রকল্পভিত্তিক অনুদান কর্মসূচি।
প্রতিমন্ত্রী জানান, ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ-তরুণীদের মধ্য থেকে সামাজিক ক্ষেত্রে স্বেচ্ছাসেবামূলক কাজের অবদানের ভিত্তিতে পুরস্কারপ্রাপ্তদের নির্বাচন করা হয়েছে। আটটি নির্ধারিত ক্যাটাগরিতে পুরস্কার দেয়ার পরিকল্পনা থাকলেও যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে ১৫ জনকে নির্বাচিত করা হয়েছে।
পুরস্কারের ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়ন, ক্রীড়া উন্নয়ন, সমাজসেবা ও জনকল্যাণ, অসহায় মানুষের সেবা, বিজ্ঞান-প্রযুক্তি ও কারিগরি খাত, নারী ও শিশু উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও দুর্যোগ ব্যবস্থাপনা। কলা ও সংস্কৃতিতে অবদানের বিষয়টিও ক্যাটাগরির তালিকায় উল্লেখ করা হয়েছে।
আমিনুল হক বলেন, নির্বাচিত প্রত্যেক তরুণ-তরুণীকে এক লাখ টাকা, সম্মাননা ক্রেস্ট, পদক ও রাষ্ট্রীয় সনদ দেয়া হবে। এর মাধ্যমে স্বেচ্ছাসেবামূলক কাজে যুক্ত তরুণদের উৎসাহিত করার পাশাপাশি অন্যদেরও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নিতে অনুপ্রাণিত করা সম্ভব হবে।
যুব সংগঠনগুলোর অনুদান প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাচিত ৪৩২টি সংগঠনকে মোট ৩ কোটি ৫৭ লাখ টাকা দেয়া হবে। সাধারণ ক্যাটাগরিতে প্রতিটি জেলার নির্বাচিত শ্রেষ্ঠ যুব সংগঠন এক লাখ টাকা এবং প্রতিটি উপজেলার নির্বাচিত শ্রেষ্ঠ সংগঠন ৭৫ হাজার টাকা করে পাবে। বিশেষ ক্যাটাগরিতে বড় ধরনের প্রভাব সৃষ্টিকারী ও আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প বাস্তবায়নকারী সংগঠনগুলো সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত অনুদান পাবে।
তিনি বলেন, এ কর্মসূচির উদ্দেশ্য হলো যুব সংগঠনগুলোর সামাজিক উদ্যোগকে টেকসই করা, স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্প্রসারণ করা। আর্থিক সহায়তা পেলে সংগঠনগুলো নিজ নিজ এলাকায় সামাজিক সমস্যা সমাধান ও কর্মসংস্থান সৃষ্টিতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।
অনুদান ও পুরস্কারের জন্য আবেদন যাচাই-বাছাইয়ে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, গত ৩০ জানুয়ারি জাতীয় দৈনিক সমকাল ও ডেইলি স্টারসহ বিভিন্ন পত্রিকায় এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রান্তিক পর্যায়ের তরুণদের কাছে তথ্য পৌঁছে দিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মাধ্যমে মোবাইল ফোনে খুদে বার্তা পাঠানো হয়। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে প্রচার চালানো হয়।
প্রতিমন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ডের জন্য আটটি ক্যাটাগরিতে মোট ৪১৩টি আবেদন জমা পড়ে। এর মধ্যে জেলা পর্যায়ের কমিটি ১৮০টি আবেদন সুপারিশ করে। অন্যদিকে, যুব সংগঠনের প্রকল্পভিত্তিক অনুদানের জন্য সাধারণ ও বিশেষ ক্যাটাগরি মিলিয়ে আবেদন জমা পড়ে ১ হাজার ৬০৮টি।
জেলা প্রশাসকদের সভাপতিত্বে গঠিত কমিটির মাধ্যমে আবেদন যাচাই-বাছাই ও সুপারিশের পর যুবকল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ডের ৫৪তম সভায় আবেদনগুলো পর্যালোচনা করা হয়। মেধা, কাজের প্রভাব ও স্বচ্ছতার ভিত্তিতে চূড়ান্ত তালিকা তৈরি করে ১৫ জন তরুণ-তরুণীকে পুরস্কার এবং ৪৩২টি সংগঠনকে অনুদানের জন্য নির্বাচন করা হয়েছে।
আগামী ১৭ অক্টোবরের অনুষ্ঠানটি সারাদেশের যুব সংগঠনকে যুক্ত করে আয়োজন করা হবে বলে জানান আমিনুল হক। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূল অনুষ্ঠানের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব জেলা প্রশাসকের কার্যালয় যুক্ত থাকবে। প্রধানমন্ত্রী নির্বাচিত তিনটি যুব সংগঠনের প্রতিনিধির হাতে প্রতীকী চেক তুলে দেবেন। অন্য ৪২৯টি সংগঠনকে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের ব্যবস্থাপনায় প্রতীকী চেক দেয়া হবে।
অনুদানের অর্থ দ্রুত পৌঁছে দিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে নির্বাচিত সংগঠনগুলোর ব্যাংক হিসাবে সরাসরি টাকা পাঠানোর ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে প্রতীকী চেক প্রদানের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সংগঠনগুলোর হিসাবে অর্থ জমা দেয়ার পরিকল্পনা রয়েছে।
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ড, স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ ও সামাজিক অবদান তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ উদ্যোগের লক্ষ্য শুধু পুরস্কার ও অনুদান দেওয়া নয়, বরং দেশের বিভিন্ন অঞ্চলে কাজ করা তরুণ ও যুব সংগঠনগুলোর সাফল্য সবার সামনে তুলে ধরা।
যুবসমাজের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন ও সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)