Logo
×

Follow Us

সারাদেশ

দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পিএম

দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন

সংগৃহীত ছবি

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে তিন জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। একই সাথে যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দিতে পাঁচটি ট্রেনের সাপ্তাহিক ছুটি বা অফ-ডে প্রত্যাহার করা হয়েছে। ট্রেনের সময়সূচি ঠিক রাখা, যাত্রীসেবা বাড়ানো এবং নিরাপত্তা নিশ্চিত করতে আরও কিছু পদক্ষেপ নেয়া হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘ঢাকা স্পেশাল-৩’ আগামী ২০ অক্টোবর চলাচল করবে। ঢাকা–কক্সবাজার–ঢাকা রুটে ‘ট্যুরিস্ট স্পেশাল-১’ ও ‘ট্যুরিস্ট স্পেশাল-২’ ২০, ২৩ ও ২৪ অক্টোবর চলবে। এ ছাড়া ঢাকা থেকে চট্টগ্রাম রুটে ‘চট্টগ্রাম স্পেশাল-৪’ ২৪ অক্টোবর পরিচালনা করা হবে।

অতিরিক্ত যাত্রী সামলাতে কক্সবাজার এক্সপ্রেসের ১৯ ও ২০ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। পশ্চিমাঞ্চলে জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেসের ১৯ অক্টোবর, পদ্মা এক্সপ্রেসের ২০ অক্টোবর এবং মধুমতি এক্সপ্রেসের ২৪ অক্টোবরের অফ-ডে প্রত্যাহার করা হয়েছে।

পূজার সময় বাড়তি যাত্রী পরিবহনের জন্য পূর্বাঞ্চলে ২৩টি মিটারগেজ এবং পশ্চিমাঞ্চলে ছয়টি ব্রডগেজ কোচ যাত্রীবাহী ট্রেনে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। চাহিদা অনুযায়ী ইঞ্জিন সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি গুরুত্বপূর্ণ জংশন ও সিগন্যাল কেবিনে কর্মকর্তা এবং পরিদর্শকদের তদারকি বাড়ানো হবে। এর মাধ্যমে ট্রেনের সময়ানুবর্তিতা বজায় রাখা ও শিডিউল বিপর্যয় কমানোর উদ্যোগ নেয়া হয়েছে।

রেলপথ, সেতু ও ট্রেনের নিরাপত্তা নিশ্চিতে রেললাইন ও সেতুতে নিয়মিত টহলের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সিগন্যালিং ব্যবস্থা, কোচ ও ইঞ্জিনের নিবিড় রক্ষণাবেক্ষণ করা হবে। জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য রিলিফ ট্রেনগুলো প্রস্তুত রাখা হবে।

যাত্রীদের নিরাপত্তায় ঢাকা, ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ প্রধান রেলস্টেশনগুলোতে রেলওয়ে পুলিশ (জিআরপি) এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) নজরদারি জোরদার করা হয়েছে। ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) ও বিমানবন্দর রেলস্টেশনে ১৯ ও ২০ অক্টোবর ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের ব্যবস্থাও রাখা হবে। ট্রেন, স্টেশন ও রেললাইনে নাশকতা প্রতিরোধে সংশ্লিষ্ট বাহিনী ও কর্মীদের তৎপরতা বাড়ানো হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। এতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সেতু বিভাগ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান, সংশ্লিষ্ট সচিব ও দপ্তরপ্রধান, ঢাকা ও গাজীপুর মহানগর পুলিশের কমিশনার এবং পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন