Logo
×

Follow Us

সারাদেশ

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ, আটকা সহস্রাধিক পর্যটক

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০২:১০ পিএম

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ, আটকা সহস্রাধিক পর্যটক

রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক

রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের কারণে সহস্রাধিক পর্যটক আটকা পড়েছেন। রবিবার (১১ অক্টোবর) সকাল থেকে সাজেক-দীঘিনালা সড়কে যান চলাচল বন্ধ থাকায় পর্যটকদের যাতায়াত ব্যাহত হচ্ছে। একই সঙ্গে নতুন করে সাজেকে পর্যটক প্রবেশ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও গণ অধিকার রক্ষা কমিটির ডাকে এ অবরোধ শুরু হয়। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সকালে গঙ্গারাম উঁচাবাজারসহ সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়। এতে সাজেক ও বাঘাইছড়ি থেকে দীঘিনালাগামী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে শনিবার (১০ অক্টোবর) সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সদস্যসচিব বিজয় কান্তি চাকমার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দেয়া হয়। বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) নাম ব্যবহারকারী একটি সশস্ত্র গোষ্ঠী এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগও তোলা হয়।

অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার এবং স্থানীয় বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানিয়েছে সংগঠনটি। বিজয় কান্তি চাকমা বলেন, অভিযোগের বিষয়ে সরকার দৃশ্যমান আইনি ব্যবস্থা না নেয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

সাজেক পর্যটনকেন্দ্রের লাইনম্যান মো. ইয়াছিন আরাফাত জানান, শনিবার সরকারি নিরাপত্তা বহর বা স্কর্টের সঙ্গে ছোট-বড় গাড়ি ও মোটরসাইকেল মিলিয়ে শতাধিক যানবাহন সাজেকে প্রবেশ করে। এসব যানবাহনে সহস্রাধিক পর্যটক সেখানে পৌঁছান।

সাজেক কটেজ মালিক সমিতির সহসভাপতি চাই থোয়াই চৌধুরী জয় বলেন, বর্তমানে সাজেকে সহস্রাধিক পর্যটক অবস্থান করছেন। অবরোধের কারণে সকালে নির্ধারিত স্কর্টের সাথে তারা সাজেক ছাড়তে পারেননি। তবে সেনাবাহিনীর সহায়তায় দুপুরে পর্যটকদের ফিরিয়ে নেওয়ার উদ্যোগ রয়েছে। নতুন পর্যটকদের প্রবেশের বিষয়ে পরিস্থিতি পর্যালোচনা করে বাঘাইহাট সেনাজোন পরবর্তী সিদ্ধান্ত জানাবে।

তিনি আরো জানান, বর্তমানে সাজেকে অবস্থানরত পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণ নেই। তবে অবরোধের কারণে পর্যটকদের যাতায়াত ও নতুন বুকিংয়ের ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

মন্তব্য করুন