Logo
×

Follow Us

সারাদেশ

২০ বছরের দাবি পূরণ

হকারমুক্ত মিরপুরের ফুটপাত: ডিএনসিসি প্রশাসক

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পিএম

হকারমুক্ত মিরপুরের ফুটপাত: ডিএনসিসি প্রশাসক

সংগৃহীত ছবি

ঢাকার মিরপুরের ফুটপাত দখলমুক্ত ও পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, মিরপুরবাসীর দীর্ঘ ২০ বছরের প্রত্যাশা পূরণে ফুটপাত থেকে হকার উচ্ছেদ করা হয়েছে। এ অবস্থা বজায় রাখতে দোকানদারদের নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে হবে এবং দোকানের সামনে নতুন করে হকার বসতে দেওয়া যাবে না।

শুক্রবার (৮ অক্টোবর) মিরপুর-১০-এর ফলপট্টি সড়কে মেট্রোরেলের পিলারে জুলাই আন্দোলনের গ্রাফিতি আঁকার কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক অভিযোগ করেন, একটি প্রধান রাজনৈতিক দল উচ্ছেদ হওয়া কয়েকজন ফুটপাতের দোকানদারকে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে উৎসাহিত করছে। এ বিষয়ে তাঁদের কাছে তথ্যপ্রমাণ রয়েছে বলেও দাবি করেন তিনি। ফুটপাত পুনর্দখলের চেষ্টা হলে তা প্রতিহত করার ঘোষণা দিয়ে শফিকুল ইসলাম খান বলেন, নগরবাসীকে সাথে নিয়ে দখলমুক্ত ফুটপাত রক্ষায় কাজ করবে সিটি করপোরেশন।

তিনি বলেন, গণতান্ত্রিক পরিবেশে সমালোচনা থাকবে। তবে গণতন্ত্রের অর্থ এই নয় যে, যে কেউ যা ইচ্ছা তা করতে পারবেন। সরকার ও নাগরিকদের দায়িত্বশীল আচরণের মাধ্যমে নগরীর শৃঙ্খলা বজায় রাখতে হবে।

অটোরিকশা আন্দোলনের প্রসঙ্গ তুলে ডিএনসিসি প্রশাসক দাবি করেন, ওই আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপস্থিতি ছিল। অটোরিকশাচালকদের দাবির বিষয়ে একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদকের বক্তব্যের সমালোচনা করে তিনি আরো অভিযোগ করেন, ওই নেতার ৭০০টি অটোরিকশা রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য প্রতিবেদনে পাওয়া যায়নি।

শহরের পরিচ্ছন্নতা ও উন্নয়ন কার্যক্রমে নাগরিকদের সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেন তিনি। শফিকুল ইসলাম খান বলেন, বর্জ্য ব্যবস্থাপনা, মশকনিধন, ফুটপাত দখলমুক্ত রাখা এবং সড়ক উন্নয়নের মতো কাজে স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে উদ্যোগ নেয়া হবে।

মেট্রোরেলের পিলারে জুলাই আন্দোলনের গ্রাফিতি আঁকার উদ্দেশ্য ব্যাখ্যা করে তিনি বলেন, দেশের ইতিহাস ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অবদান রাখা ব্যক্তিদের স্মৃতি সংরক্ষণ এবং তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে এ উদ্যোগ নেয়া হয়েছে। পিলারগুলোতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, জুলাই আন্দোলনে শহীদ ও নেতৃত্বদানকারী ব্যক্তি এবং ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের প্রতিকৃতি ও গ্রাফিতি আঁকার পরিকল্পনার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তুলতে নগরবাসীর সচেতনতা জরুরি। একজনের অসচেতনতার কারণে অন্যদের ভোগান্তি তৈরি হতে পারে, যার প্রভাব পড়ে পুরো নগরীর ওপর।

ডিএনসিসির মিরপুর জোনের কর্মকর্তা জালাল উদ্দিন আহমেদ বলেন, মেট্রোরেলের পিলারে অতীতের বিভিন্ন ব্যর্থতা তুলে ধরার মাধ্যমে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য শিক্ষণীয় বিষয় উপস্থাপন করা হবে।

কাফরুল থানা বিএনপির আহ্বায়ক সৈয়দ আকরাম হোসেন বাবু বলেন, ফুটপাত হকারমুক্ত করার মাধ্যমে স্থানীয় মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে। কেউ আবার সেখানে হকার বসানোর চেষ্টা করলে দলের কাউকে ছাড় দেয়া হবে না।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ডিএনসিসি প্রশাসকের স্ত্রী সুলতানা রাজিয়া, স্থানীয় বিএনপি নেতা আহসান উল্লাহ চৌধুরী ও সাব্বির দেওয়ান।

মন্তব্য করুন