সংগৃহীত ছবি
রাজধানীর রূপনগর থেকে অপহরণের ১৮ দিন পর ছয় বছরের শিশু বায়জিদকে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে জীবিত উদ্ধার করেছে এসআরবি-৪। শিশুটিকে বিক্রি করতে একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হয়ে অপহরণকারীরা তাকে রাস্তায় ফেলে যায় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পরে স্থানীয় পুলিশ শিশুটিকে উদ্ধার করে গাজীপুরের আদর্শনগরে একটি শিশু পুনর্বাসন কেন্দ্রে পাঠায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ওই কেন্দ্র থেকে বায়জিদকে উদ্ধার করে এসআরবি-৪।
এসআরবি-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, গত ১৮ সেপ্টেম্বর রূপনগর থানার দুয়ারীপাড়া এলাকার একটি বাসা থেকে বায়জিদকে অপহরণ করা হয়। ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শিশুটিকে উদ্ধারে ছায়া তদন্ত শুরু করে এসআরবি-৪।
তদন্তে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, অপহরণের পর শিশুটিকে প্রায় দেড় কিলোমিটার দূরে স্কয়ার নার্সিং হোম ক্লিনিকের দিকে নিয়ে যাওয়া হয়। ক্লিনিকের ফুটেজে লিপি ও নাসরিনকে শিশুটির হাত ধরে নিয়ে যেতে দেখা যায়। এরপর তাদের গতিবিধির আর কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি।
গোয়েন্দা তদন্তে আরো জানা যায়, বায়জিদের বাবা রফিকুল ইসলামের পাশের বাসার ভাড়াটিয়া কুলসুমের মেয়ে নাসরিন কয়েক দিন ধরে ওই বাসায় অবস্থান করছিল। প্রাথমিক তদন্তে নাসরিনের একটি শিশু চুরি চক্রের সাথে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
এসআরবি জানায়, নাসরিন ও লিপি মিলে শিশুটিকে বিক্রির উদ্দেশ্যে গাজীপুরে নিয়ে যায়। সেখানে একাধিক জায়গায় শিশুটিকে বিক্রির চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর তাকে রাস্তায় ফেলে রাখা হয়। পরে স্থানীয় পুলিশ শিশুটিকে উদ্ধার করে পুনর্বাসন কেন্দ্রে পাঠায়।
এ ঘটনায় কুলসুমকে গ্রেফতার করা হয়েছে। অপহরণের সাথে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)