নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে দুটি পুলিশ চেকপোস্ট উদ্বোধন
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পিএম
ছবি: সংগৃহীত
নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের নওগাঁ অংশে দুটি পুলিশ চেকপোস্টের কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) জেলার রানীনগর উপজেলার পঞ্চগ্রাম এলাকায় এবং আত্রাই উপজেলার রামপুর মৌজায় এ দুটি চেকপোস্ট উদ্বোধন করেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম।
অনুষ্ঠানে পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, নওগাঁ জেলা থেকে রেললাইন বরাবর নাটোর পর্যন্ত এই আঞ্চলিক মহাসড়ক খুবই গুরুত্বপূর্ণ। সড়কটির অধিকাংশই ফাঁকা। বিশেষ করে সন্ধ্যার পর এই সড়কে ছিনতাই বা সড়ক ডাকাতির ক্ষেত্রে খুবই ঝুঁকিপূর্ণ।
এই সড়ক দিয়ে চলাচলকারী পথচারী এবং যানবাহন চালক ও যাত্রীদের মধ্যে এক অজানা আতঙ্ক বিরাজ করে। নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে এবং চলাচলকারীদের আতঙ্ক দুর করতেই জনগণের দীর্ঘ চাহিদার প্রক্ষিতেই এই চেকপোস্ট দুটি নির্মাণ করা হয়। প্রতিটি চেকপোস্টে একজন এএসআই-এর নেতৃত্বে ৫ জন করে পুলিশ সদস্য কর্মরত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম বলেন, বর্তমান সরকার সবক্ষেত্রে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধ পরিকর।
মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আমার নির্বাচনী অঙ্গিকার ছিল। এরই অংশ হিসেবে পুলিশকে অধিক সক্রিয় করতেই এই দুটি পুলিশ চেকপোস্ট নির্মাণ করা হলো।
এ সময় পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, আত্রাই উপজেলার নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, রানীনগর উপজেলা নির্বাহী রাকিবুল হাসান, আত্রাই থানার অফিসার্স ইনচার্জ মাহবুব আলম, রানীনগর থানার অফিসার্স ইনচার্জ জাকারিয়া মন্ডলসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, আত্রাই ও রানীনগর উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)