কুষ্টিয়ার আটক শিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে: মাহ্দী আমিন
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১০:৪৮ এএম
সংগৃহীত ছবি
কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে আপত্তিকর মন্তব্যের অভিযোগে আটক স্কুলশিক্ষককে ছেড়ে দিয়ে নিরাপদে বাড়িতে পৌঁছে দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পরে পুলিশের পক্ষ থেকে ওই শিক্ষককে বাসায় পৌঁছে দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মাহ্দী আমিনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও বাসিন্দাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ হলে পুলিশ সংশ্লিষ্ট শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।
মাহ্দী আমিনের পোস্ট অনুযায়ী, বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পর তিনি সংশ্লিষ্ট থানাকে শিক্ষককে সসম্মানে ছেড়ে দেওয়ার পাশাপাশি নিরাপদে তার বাসায় পৌঁছে দেয়ার নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী পুলিশ পরে ওই শিক্ষককে তার বাড়িতে পৌঁছে দেয়।
ঘটনার বিষয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে বুধবার আটক করা হয়েছিল। শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রীর বাংলা ভাষণ ও উচ্চারণ নিয়ে মন্তব্যকে কেন্দ্র করেই তার বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ ওঠে। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, শিক্ষক লালন কটূক্তির অভিযোগ অস্বীকার করেছেন।
প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে মাহ্দী আমিন তার পোস্টে বলেন, মানুষের মধ্যে মতের পার্থক্য থাকা স্বাভাবিক। প্রত্যেকের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও মতামত রয়েছে। কারও মতের সাথে একমত না হলেও তার মতপ্রকাশের অধিকারকে সম্মান করা উচিত।
পোস্টে আরো বলা হয়, ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাই গণতন্ত্রের শক্তি। ইতিবাচক আচরণ, পারস্পরিক সম্মান এবং সহাবস্থানের সংস্কৃতি সমাজকে আরো শক্তিশালী করবে—এমন বিশ্বাসের কথাও প্রধানমন্ত্রীর বক্তব্য হিসেবে তুলে ধরা হয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)