লালমনিরহাট পাটগ্রামে ট্রাকের চাপায় নিহত ৩
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ এএম
সংগৃহীত ছবি
লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের ধাক্কায় একটি অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুড়িমারী স্থলবন্দর থেকে যাত্রী নিয়ে পাটগ্রামের দিকে যাচ্ছিল অটোরিকশাটি। পথে ঘুন্টি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। পরে ট্রাকটি সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়ে এবং অটোরিকশাটিকে চাপা দেয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। আহত হন আরো কয়েকজন। খবর পেয়ে পাটগ্রাম ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর মোস্তাকীন নামে আরো একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুইজনকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা সবাই পাটগ্রাম উপজেলার বাসিন্দা।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তিনজন নিহত ও সাতজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)