Logo
×

Follow Us

সারাদেশ

জমি বিরোধকে কেন্দ্র করে সালমানের স্টুডিওতে হামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পিএম

জমি বিরোধকে কেন্দ্র করে সালমানের স্টুডিওতে হামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

ছবিঃ বাসস

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে এ ঘটনার সাথে জমি নিয়ে বিরোধের যোগসূত্র পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী জানান, ক্যান্টনমেন্ট থানার আওতাধীন মানিকদি নামাপুরা এলাকায় প্রায় ৩৫ কাঠা জমি নিয়ে দুই পক্ষের বিরোধ চলছিল। বিরোধপূর্ণ ওই জমির ওপরই সালমান মুক্তাদিরের কনটেন্ট তৈরির স্টুডিওটি নির্মাণ করা হয়েছিল।

স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্য অনুযায়ী, বিরোধের এক পক্ষের সাথে ‘নিউ গিনি প্রপার্টিজ’ নামের একটি ডেভেলপার প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা রয়েছে। অন্য পক্ষের সঙ্গে একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার যোগসূত্র রয়েছে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, রাতে একদল ব্যক্তি জমিটি দখলের উদ্দেশ্যে সেখানে গিয়ে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায়।

হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে সালমান মুক্তাদিরের টিনশেড স্টুডিওটিও রয়েছে। সেখানে মূলত কনটেন্ট তৈরির কাজ করা হতো বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে তাজা কার্তুজের খোসা, দেশীয় অস্ত্রসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

ঘটনার সাথে চাঁদাবাজির কোনো যোগসূত্র আছে কি না—এমন অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন পর্যন্ত সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এর সত্যতা পাওয়া যায়নি। তার ভাষ্য, সালমান মুক্তাদির নিজেই জানিয়েছেন যে কেউ তার কাছে চাঁদা দাবি করেনি। এ কারণে তার পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি।

মন্ত্রী আরো বলেন, সালমান মুক্তাদির যদি এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগে মামলা করেন, তাহলে সেটিও তদন্ত করা হবে। স্টুডিওতে হামলার ঘটনায় প্রাথমিক তদন্ত শেষ হলেও পুরো ঘটনার কারণ ও সংশ্লিষ্টদের ভূমিকা নিশ্চিত করতে আরো বিস্তারিত তদন্ত প্রয়োজন।

ঘটনাটি নিয়ে পুলিশি তদন্ত ও আইনি কার্যক্রম চলমান রয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্তব্য করুন