Logo
×

Follow Us

সারাদেশ

রাড্ডা স্বাস্থ্য কেন্দ্র ভাঙচুরের ঘটনায় দায়িত্তে অবহেলায় ওসি প্রত্যাহার : স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পিএম

রাড্ডা স্বাস্থ্য কেন্দ্র ভাঙচুরের ঘটনায় দায়িত্তে অবহেলায় ওসি প্রত্যাহার : স্বরাষ্ট্রমন্ত্রী

ছবিঃ বাসস

রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, ওই ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার বিষয়টি প্রমাণিত হওয়ায় ওসিকে প্রত্যাহার করা হয়েছে। একই সাথে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার প্রক্রিয়াও চলবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। তদন্তে যারা ঘটনার সাথে জড়িত বলে শনাক্ত হবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

তিনি জানান, ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেছেন। স্বাস্থ্যকেন্দ্র থেকে উদ্ধার করা বিভিন্ন সামগ্রী আলামত হিসেবে সংরক্ষণ করা হচ্ছে।

এদিকে স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। একই সাথে লুট হওয়া মালামালভর্তি দুই ট্রাক উদ্ধার করা হয়েছে। ঘটনায় আরো তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

গত বৃহস্পতিবার মধ্যরাতে মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, দুই শতাধিক মুখোশধারী ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশ করে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করেন। পরে চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, টিকা, নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রী লুট করা হয়। একপর্যায়ে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে স্থাপনাটিও ভাঙচুর করা হয়।

এ ঘটনায় শাহ আলী থানায় একটি মামলা হয়েছে। উদ্ধার করা সামগ্রী ও অন্যান্য আলামতের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

অন্যদিকে রাজধানীর জাসদ কার্যালয়ে সাম্প্রতিক বৈঠক ও পুলিশের অভিযান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কয়েকজন সদস্য জড়ো হয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন বলে পুলিশ জানতে পারে। ওই তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয় বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে আটক ব্যক্তিদের বেশিরভাগকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে ২৭ জনকে আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে রাখা হয়েছে। উদ্ধার করা মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষায় নাশকতায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হবে। কাউকে অযথা হয়রানির উদ্দেশ্যে অভিযান চালানো হয়নি বলেও জানান তিনি।

মন্তব্য করুন