মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা, গ্রেপ্তার ৪
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পিএম
সংগৃহীত ছবি
রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে শাহ আলী থানা পুলিশ। শনিবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিরা অর্থের বিনিময়ে হামলায় অংশ নেয়ার কথা স্বীকার করেছেন। তাদের আদালতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে ২টার মধ্যে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুর চালানো হয়। প্রতিষ্ঠানটির দাবি, মুখোশ পরা ২০০ থেকে ২৫০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে সেখানে প্রবেশ করে। তারা দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে স্থাপনায় হামলা ও লুটপাট চালায়। পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়।
রাড্ডা কর্তৃপক্ষের ভাষ্য, হামলাকারীরা ওষুধ, ভ্যাকসিন, সরকারি টিকাদান কর্মসূচির রেজিস্টার ও বিভিন্ন নথি, পরিবার পরিকল্পনার সামগ্রী, আলট্রাসনোগ্রাম মেশিন, জেনারেটর, ফ্রিজ, এসি এবং নগদ টাকা নিয়ে যায়। এতে দেড় কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
এ ঘটনায় রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আখতার বাদী হয়ে শাহ আলী থানায় মামলা করেন। মামলায় মিরপুরের বিএনপি নেতা মো. হানিফ মিয়ার নাম উল্লেখ করে আরো ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। অনধিকার প্রবেশ, চুরি, হুমকি এবং দেড় কোটি টাকার বেশি ক্ষতির অভিযোগে মামলাটি করা হয়। তবে ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন হানিফ মিয়া।
ঘটনার সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল বলে জানিয়েছেন থানার ওসি জাহাঙ্গীর হোসেন। তবে পুলিশের উপস্থিতির মধ্যেই এত বড় পরিসরে ভাঙচুর ও স্থাপনা গুঁড়িয়ে দেয়ার ঘটনা কীভাবে ঘটল এবং কেন তখন কাউকে আটক করা হয়নি—এ বিষয়ে তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি।
এর আগে ওসি জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে জানিয়েছিলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেখানে উৎসুক জনতাকে দেখতে পায় এবং মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পুলিশের ভূমিকা নিয়ে এ কারণে প্রশ্ন উঠেছে।
এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। জায়গা বা স্থাপনা নিয়ে কোনো বিরোধ থাকলে তা আইনি প্রক্রিয়ায় সমাধান করতে হবে বলেও জানান তিনি।
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার কর্তৃপক্ষ জানিয়েছে, ১৯৭৬ সাল থেকে প্রতিষ্ঠানটি সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছে। সেখানে সরকারি সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)ও পরিচালিত হতো।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)