দুপুরের মধ্যে ৩ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পিএম
সংগ্রিহিত ছবি
ঢাকাসহ দেশের তিন অঞ্চলে শনিবার দুপুরের মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ সতর্কতা কার্যকর থাকবে। আবহাওয়া অধিদপ্তরের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে স্বাক্ষর করেছেন আবহাওয়াবিদ মো. আবদুল হাদিম মিয়া।
আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, উড়িষ্যা ও এর কাছাকাছি উত্তর অন্ধ্র প্রদেশে অবস্থান করা স্থল গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এটি উত্তর অথবা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও দুর্বল হয়ে পড়তে পারে।
এদিকে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এটি প্রবল অবস্থায় আছে। এর প্রভাবে শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায়ও বৃষ্টি হতে পারে।
দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে নদীবন্দর ও নিম্নাঞ্চলসহ বৃষ্টিপ্রবণ এলাকার মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আগামীকাল রোববার ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এরপর ধীরে ধীরে বৃষ্টিপাত কমে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সামগ্রিক আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে ২৭ সেপ্টেম্বরের দিকে সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)