৩১ জানুয়ারির মধ্যে হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পিএম
হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ
দেশের সব উপজেলার প্রতিটি ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। আগামী ৩১ জানুয়ারি ২০২৭-এর মধ্যে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করতে বলা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখা থেকে ২৪ সেপ্টেম্বর জারি করা নির্দেশনায় দেশের সব উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর স্থানীয়, জেলা ও উপজেলা পর্যায়ের বিদ্যমান দাপ্তরিক ভবনসহ সংশ্লিষ্ট ভবনের ছাদে ব্যাটারিসহ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে। প্রতিটি ব্যবস্থায় কমপক্ষে দুই ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ রাখাও বাধ্যতামূলক করা হয়েছে।
সৌরবিদ্যুৎ থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব চাহিদা মেটানোর পর যে বিদ্যুৎ উদ্বৃত্ত থাকবে, তা নেট মিটারিং পদ্ধতিতে জাতীয় গ্রিডে সরবরাহ করতে হবে। নেট মিটারিং নির্দেশিকা, ২০২৫ অনুযায়ী, গ্রিডে সরবরাহ করা প্রতি ইউনিট বিদ্যুতের বিপরীতে ১০ টাকা ৫০ পয়সা হারে অর্থ পাওয়ার সুযোগ রয়েছে। এতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর রাজস্ব আয় বাড়তে পারে।
নির্দেশনায় প্রতিটি উপজেলার সব হাট ও বাজারে সৌরবিদ্যুতের ব্যবহার নিশ্চিত করার কথা বলা হয়েছে। এ জন্য হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিধিমালা, ২০২৫-এর বিধি ১০-এর উপবিধি (৩) ও (৫) অনুযায়ী হাট-বাজারের ইজারালব্ধ অর্থ ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।
সংশ্লিষ্ট হাট ও বাজারের রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের জন্য নির্ধারিত ইজারালব্ধ আয়ের ১০ শতাংশ এবং উপজেলার আওতাধীন হাট-বাজারের রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের জন্য নির্ধারিত আরও ১০ শতাংশ অর্থ থেকে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও বাণিজ্যিকভাবে সম্প্রসারণের উদ্যোগ নিতে বলা হয়েছে।
এ ছাড়া সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনকারী প্রতিষ্ঠানের সঙ্গে ২০ বছরের মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি করার নির্দেশ দেয়া হয়েছে। এর মাধ্যমে স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থার দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার ব্যবস্থা রাখা হয়েছে।
প্রতিটি হাট-বাজারের স্থায়ী শেডের ছাদ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিভিন্ন বাজারে নির্মিত চার-পাঁচতলা ভবনের ছাদের আয়তন বিবেচনা করে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের প্রয়োজনীয় উদ্যোগ নিতেও বলা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, হাট-বাজারে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়লে নবায়নযোগ্য জ্বালানির প্রসারের পাশাপাশি স্থানীয় পর্যায়ে বিদ্যুতের চাহিদা পূরণ করা সম্ভব হবে। একই সাথে অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ এবং নেট মিটারিংয়ের মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর রাজস্ব আয় বাড়ানোর সুযোগ তৈরি হবে।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব সুলতানা আক্তারের স্বাক্ষরিত নির্দেশনাটি দেশের সব উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)