নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পিএম
ফাইল ছবি
বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য বেড়ে যাওয়ায় দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
শুক্রবার সকালে দেয়া বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ উড়িষ্যা ও সংলগ্ন উত্তর অন্ধ্র প্রদেশ এলাকায় থাকা স্থল গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে সরে দুর্বল হয়ে বর্তমানে উড়িষ্যা ও পার্শ্ববর্তী এলাকায় স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এটি আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে।
তবে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)