৬৫৪৪ প্রতিষ্ঠানে সোলার বসাতে বরাদ্দ ৩৭০ কোটি টাকা: প্রতিমন্ত্রী শাহে আলম
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পিএম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
দেশের স্থানীয় সরকারের আওতাধীন ৬ হাজার ৫৪৪টি প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচি বাস্তবায়নে ৩৭০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, এসব প্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
কর্মসূচির আওতায় স্থানীয় সরকারের বিভিন্ন পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দপ্তর, ওয়াসা, জনস্বাস্থ্য বিভাগ এবং দেশের বিভিন্ন হাট-বাজার ও গ্রোথ সেন্টার রয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট সংখ্যা ৬ হাজার ৫৪৪টি।
প্রতিমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ছাদ ব্যবহার করে সৌর প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হবে। এ জন্য বিশেষ বরাদ্দ থেকে প্রয়োজনীয় অর্থ ছাড় করা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পৃথক চিঠির মাধ্যমে কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী ২৭ জানুয়ারির মধ্যে প্রকল্পের কাজ বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কর্মসূচির জন্য ইতোমধ্যে মোট ৩৭০ কোটি টাকা ছাড় করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)