ঢাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে জলাবদ্ধতা
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পিএম
সংগৃহীত ছবি
রাজধানী ঢাকায় মঙ্গলবার সকাল থেকে দুপুরের মধ্যে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হওয়ার পাশাপাশি সড়কে যানজটও তীব্র হতে পারে।
আবহাওয়াভিত্তিক পূর্বাভাস প্রতিষ্ঠান ‘আবহাওয়াবিদ’ জানিয়েছে, চট্টগ্রাম বিভাগ থেকে ধীরগতিতে একটি বজ্রঝড় ঢাকার দিকে এগিয়ে আসছে। মঙ্গলবার সকাল পর্যন্ত ঝড়টি কুমিল্লা, চাঁদপুর ও লক্ষ্মীপুরের ওপর দিয়ে অতিক্রম করছে।
পূর্বাভাস অনুযায়ী, সকাল ৭টা থেকে ৯টার মধ্যে বজ্রঝড়টি নারায়ণগঞ্জ ও নরসিংদীর ওপর দিয়ে যেতে পারে। এরপর সকাল ৮টা থেকে বেলা ১১টার মধ্যে ঢাকার ওপর দিয়ে ঝড়টি অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।
এ সময় রাজধানীতে টানা ২ থেকে ৫ ঘণ্টা বৃষ্টি হতে পারে। এতে বিভিন্ন সড়ক, অলিগলি ও নিচু এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
বৃষ্টির কারণে অফিসগামী মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নগরবাসীর স্বাভাবিক চলাচলে ভোগান্তি বাড়তে পারে। একই সাথে ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহনের চাপ বেড়ে যানজট পরিস্থিতিরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)