কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা ও ভাবীকে কুপিয়ে জখম করল যুবক
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পিএম
কুমিল্লার দেবিদ্বারে এক নারী ও তার এক বছর বয়সী নাতনিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ইমন মিয়া (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় তার ভাবি রাবেয়া বেগমও গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সোমবার সকালে উপজেলার বড়শালঘর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন পেয়ার বেগম (৬২) ও তার এক বছর বয়সী নাতনি। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ইমন মিয়াকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ইমন মিয়ার সাথে তার মায়ের কথা-কাটাকাটি ও উত্তেজনা হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে পেয়ার বেগমকে আঘাত করা হয়। শাশুড়িকে রক্ষা করতে এগিয়ে গেলে রাবেয়া বেগমও হামলার শিকার হন। এ সময় পাশে থাকা শিশুটিও আঘাতপ্রাপ্ত হয়। ঘটনাস্থলেই পেয়ার বেগম ও শিশুটির মৃত্যু হয়।
আহত রাবেয়া বেগমকে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দা শাহীন আলম বলেন, ইমন মিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ঘটনার সকালে তিনি হঠাৎ উত্তেজিত হয়ে পরিবারের সদস্যদের ওপর হামলা চালান বলে স্থানীয়দের ধারণা।
দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে এবং একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। ইমন মিয়াকে আটক করা হয়েছে। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)