আশুলিয়ায় সিলিন্ডারবোঝাই লরিতে আগুন: নারী নিহত, আহত ১৪
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পিএম
ছবি: সংগৃহীত
ঢাকার আশুলিয়ায় প্রীতি গ্রুপের পোশাক কারখানার সামনে লরিতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকাণ্ডে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৪ জন আহত হন।
রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার জামগড়া চৌরাস্তায় প্রীতি গ্রুপের এফ অ্যান্ড এফ কারখানায় এ ঘটনা ঘটে। এতে কারখানাটির কম্পাউন্ডে থাকা অন্তত ৫-৬টি কাভার্ড ভ্যানও পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
নিহত মোছাম্মত জয়নব বেগম (৫৫) গাজীপুরের কাশিমপুরের ইসরকান্দি এলাকার মো. আলীর স্ত্রী।
জানা গেছে, সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আশুলিয়ার ওই পোশাক কারখানার সামনের সড়কে গ্যাস সিলিন্ডারভর্তি লরিটিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন লরির বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এ সময় লরিতে থাকা গ্যাস সিলিন্ডারগুলো একের পর এক বিস্ফোরিত হতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মমিনুল ইসলাম ভূইয়া বলেন, বিস্ফোরণের সময় এক পথচারী নারী মারা গেছেন। জামগড়ায় দর্জির দোকানে কাজ করেন নিহত জয়নবের মেয়ে সানজিদা আক্তার। ঘটনার সময় তিনি দোকানের ভেতর কাজ করছিলেন। বাইরে দাঁড়িয়ে ছিলেন তার মা। হঠাৎ বিকট শব্দে একটি সিলিন্ডার এসে জয়নবের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফায়ার সার্ভিস ঢাকা জোন-৪ এর উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন, প্রীতি গ্রুপের কারখানাটিতে সন্ধ্যা পৌনে ৭টায় আগুন লাগার খবর পেয়ে ডিইপিজেড ও জিরাবো ফায়ার সার্ভিসের মোট ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। রাত ৮টা ৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানার সামনে রাখা গ্যাস সিলিন্ডার বহনকারী বিশেষ লরিতে থাকা সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)