সংগৃহীত ছবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে দাফন করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সোয়া ১১টার দিকে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতিতে তার দাফন সম্পন্ন হয়।
এর আগে সকাল ১০টা ১০ মিনিটে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্বজন ও স্থানীয়রা অংশ নেন।
১৩ বছর বয়সী অপ্রতিম বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ থানার ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সাথে ছবি তুলতে বের হয় সে। এরপর আর বাড়ি ফেরেনি।
সন্ধান না পেয়ে ওইদিনই অপ্রতিমের বাবা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর শনিবার দুপুরে কোটবাড়ির দক্ষিণ মোড়ের দক্ষিণ পাশে সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল।
এ ঘটনায় তুহিন নামে এক যুবকের সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়া গেছে। নিখোঁজ হওয়ার পর বিকেল থেকে ওই যুবক অপ্রতিমের সাথে ছিল বলে একাধিক সূত্র জানিয়েছে। তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এছাড়া আনাস ও ফাহিম নামে আরো দুজনকে আটকের তথ্য পাওয়া গেছে।
ঘটনার বিষয়ে রোববার দুপুর ১২টায় বিস্তারিত তথ্য জানানোর কথা জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)