মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৩টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় মহাসড়কের কুমিল্লামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী নিউ বলেশ্বর পরিবহনের একটি বাস মহাসড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় মর্নিংসান নামক একটি হোটেল থেকে খাবার শেষে ঢাকার দিকে যাওয়ার জন্য ইউটার্ন নেয়ার সময় প্রাইভেটকারটির সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক সোহেল (২৫) ঘটনাস্থলেই নিহত হন। গাড়িতে থাকা আরো চারজন গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আহতদের উদ্ধার করে হামদর্দ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
নিহতদের মধ্যে সাবিহা চৌধুরী (৬২) নামে এক নারীর পরিচয় তার সাথে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। হাসপাতালে নিহত অন্যজন হলেন- মজিবুর রহমান (৫৫)
এসময় শামিমা আক্তার (৪৫) নামে আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে পথে তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে নিহত চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী বলে জানা গেছে। ৩ জনের মরদেহ হামদর্দ জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, বাসটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। প্রাইভেটকারটি একটি হোটেল থেকে ইউটার্ন নিয়ে ঢাকার দিকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)