Logo
×

Follow Us

সারাদেশ

ঢাকা-সিলেট মহাসড়কের কাজ শেষ হবে ২০২৯ সালের জুনে

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পিএম

ঢাকা-সিলেট মহাসড়কের কাজ শেষ হবে ২০২৯ সালের জুনে

সংগৃহীত ছবি

 

ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীত করার নির্মাণকাজ ২০২৯ সালের জুনের মধ্যে শেষ করে যান চলাচলের জন্য খুলে দেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই এলাকায় প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মন্ত্রী বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক দেশের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। দীর্ঘদিন আগে ছয় লেনে উন্নীতকরণের প্রকল্প নেয়া হলেও সাড়ে চার বছরেও কাজের অগ্রগতি প্রত্যাশা অনুযায়ী হয়নি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি জানান, গত ছয় মাসে বিভিন্ন পদক্ষেপের ফলে ভূমি অধিগ্রহণের কাজ উল্লেখযোগ্যভাবে এগিয়েছে। আগামী দুই মাসের মধ্যে এ প্রক্রিয়া পুরোপুরি শেষ করার আশা করা হচ্ছে। একই সাথে প্রকল্পের ভৌত কাজও গতি পেয়েছে।

শেখ রবিউল আলম বলেন, মহাসড়কটির উন্নয়নকাজ ১৩টি প্যাকেজে বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে পাঁচটির অগ্রগতি এখনো সন্তোষজনক নয়। তবে বাকি আটটি প্যাকেজে কাজ প্রত্যাশিত গতিতে এগোচ্ছে। যেসব প্যাকেজে অগ্রগতি কম, সেগুলোর কাজ আরো দ্রুত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

তিনি বলেন, দরপত্রের শর্ত অনুযায়ী ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের নির্মাণকাজ শেষ করে জনগণের জন্য উন্মুক্ত করার লক্ষ্য রয়েছে। ভূমি অধিগ্রহণ দীর্ঘদিন প্রকল্প বাস্তবায়নের অন্যতম বড় বাধা ছিল। বর্তমানে সেই জটিলতা কাটিয়ে কাজ এগিয়ে নেয়া হচ্ছে।

মন্ত্রী আরো বলেন, নির্মাণকাজ চলায় মহাসড়ক ব্যবহারকারীদের কিছুটা ভোগান্তি হচ্ছে। তবে প্রকল্পের কাজ এগিয়ে নিতে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করার পাশাপাশি দুর্বল প্যাকেজগুলোর অগ্রগতি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন