সংগৃহীত ছবি
সুনামগঞ্জের তাহিরপুরে বিষপানে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়দের ধারণা, রাতের কোনো একসময় ওই বাবা তিন সন্তানকে বিষপান করানোর পর নিজেও বিষপান করেন।
সকালে বিষয়টি জানতে পেরে প্রতিবেশী ও স্বজনরা দ্রুত চারজনকে উদ্ধার করে বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তিন শিশুকে মৃত ঘোষণা করেন। বাবার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হোসাইন মোহাম্মদ আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে তিন শিশুর মরদেহ দেখতে পায়। গুরুতর অসুস্থ বাবাকে স্বজনরা সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেছেন।
তিনি জানান, নিহত শিশুদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)