Logo
×

Follow Us

সারাদেশ

কুষ্টিয়ায় ত্রিমুখী সংঘর্ষে সিএনজি যাত্রী নিহত, আশঙ্কাজনক ৪

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পিএম

কুষ্টিয়ায় ত্রিমুখী সংঘর্ষে সিএনজি যাত্রী নিহত, আশঙ্কাজনক ৪

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাক, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে রাশেদুল (৫০) নামে এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো চারজন যাত্রী। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ভেড়ামারার ১২ মাইল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদুল কুষ্টিয়ার দৌলতপুরের নতুন আমদহ গ্রামের মৃত জোয়াদ মণ্ডলের ছেলে। তাৎক্ষণিকভাবে আহত অন্যান্য যাত্রীদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও চৌড়হাস হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে ভেড়ামারার ১৬ দাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাশেদুলকে মৃত ঘোষণা করেন। আহত অন্য চারজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌড়হাস হাইওয়ে থানার এসআই মহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি অটোরিকশাটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন