Logo
×

Follow Us

সারাদেশ

বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ এএম

বনশ্রীতে দুই বাসের চাপায়  মাইলস্টোনের শিক্ষিকা নিহত

নিহত তাসপিয়া আহমেদ তিসা

রাজধানীর বনশ্রীতে চলন্ত মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে দুই বাসের চাপায় তাসপিয়া আহমেদ তিসা নামে এক শিক্ষিকা নিহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ফরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাসপিয়া আহমেদ তিসা (৩১) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আফতাবনগর শাখায় শিক্ষকতা করতেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়ায়। তিনি রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া নোয়াপাড়া এলাকায় বসবাস করতেন।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, ফরাজী হাসপাতালের সামনে রমজান পরিবহন ও আরেকটি বাসের মাঝখানে পড়ে ঘটনাস্থলেই তাসপিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে রাত ৯টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর অভিযান চালিয়ে রমজান পরিবহনসহ দুটি বাস জব্দ করা হয়েছে। একই সাথে বাস দুটির চালক ও সহকারীদের আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম চলছে।

তাসপিয়ার ভাই এনাম আহমেদ জানান, ব্যক্তিগত কাজে মোটরসাইকেলে করে বাসা থেকে বের হয়েছিলেন তার বোন। পথে মোটরসাইকেলের পেছন থেকে সড়কে পড়ে গেলে দুই বাসের মাঝখানে চাপা পড়ে তিনি মারা যান।

স্থানীয় ব্যবসায়ী মো. মূসা জানান, পরদিন তাসপিয়ার কক্সবাজারে যাওয়ার পরিকল্পনা ছিল। দুর্ঘটনার পর ফরাজী হাসপাতালের সামনে তার মরদেহ পড়ে থাকতে দেখে তিনি স্বজনদের খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

মন্তব্য করুন