Logo
×

Follow Us

সারাদেশ

সাতক্ষীরা সীমান্ত থেকে প্রায় ১০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পিএম

সাতক্ষীরা সীমান্ত থেকে প্রায় ১০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

ছবি: সংগৃহীত

সাতক্ষীরা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে সাতক্ষীরা সীমান্ত থেকে প্রায় ১০ লাখ টাকার ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার পদ্মশাখরা, গাজীপুর, ভোমরা, বৈকারী, কাঁকডাঙ্গা, মাদরা, হিজলদী, চান্দুড়িয়া ও বাঁকাল চেকপোষ্ট বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ভারতীয় ওষুধ, মোবাইল ফোনের যন্ত্রাংশ, পাতার বিড়ি, নেশাজাতীয় সিরাপ ও মাদক সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ৯ লাখ ৯১ হাজার ১৩৫ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে। 

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার কেওড়াবাগান নামক স্থান হতে ভারতীয় নেশাজাতীয় উইনকেরেক্স কফ সিরাপ,  ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার ফলমোড় নামক স্থান হতে ভারতীয় পাতার বিড়ি, টপিকোর্ট মলম, তফান লোশন ও মোবাইল ফোন, গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল ঘেরের পাড় নামক স্থান হতে এবং বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল বলদঘাটা নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। 

এদিকে কাঁকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি নামক স্থান হতে ভারতীয় ওষুধ ও মদ, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার রাজপুর নামক স্থান হতে ও হিজলদী বিওপির বিশেষ আভিযানিকদল বড়ালি নামক স্থান হতে ভারতীয় মদ এবং চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল আমবাগান নামক স্থান হতে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করে। 

এছাড়া, বাঁকাল চেকপোষ্টের বিশেষ আভিযানিকদল সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। জব্দকৃত এসব মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক নয়লাখ ৯১ হাজার ১৩৫ টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।

মন্তব্য করুন