বজ্রপাতের ঝুঁকি কমাতে দিনাজপুরে ১০হাজার তাল চারা রোপণ কর্মসূচির উদ্বোধন
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পিএম
ছবি: সংগৃহীত
বজ্রপাত নিরোধ ও প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে দিনাজপুরে ১০ হাজার তাল গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের উদ্যোগে দিনাজপুর সদর উপজেলার ৩ নং ফাজিলপুর ইউনিয়নের পূর্ব হরিরামপুর বসাকপাড়া-বুড়িরহাট, সংযোগ সড়কের দুই পাশে ১ হাজার তাল গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন সদর দপ্তরের প্রতিনিধি এক্সিকিউটিভ সেলসম্যান তাওহীদ মো. ফয়সালুল বারী এ তথ্য বাসসকে নিশ্চিত করেন। তিনি বলেন, দিনাজপুর জেলার সবগুলো উপজেলায় বজ্রপাত নিরোধ প্রতিরোধে আজ মঙ্গলবার থেকে শুরু হওয়া ১০ হাজার তাল গাছ রোপণ কার্যক্রম আগামী এক সপ্তাহে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।
স্কয়ার গ্রুপের কৃষিবিদ মো. আব্দুল হালিম বলেন, ভৌগোলিক অবস্থান ও জলবায়ুর পরিবর্তনজনিত কারণে ঝড়, বন্যা, খরা, সাইক্লোন ও জলোচ্ছ্বাস এদেশের নিত্যসঙ্গী। এ সবের সাথে প্রাকৃতিক দুর্যোগ ‘বজ্রপাত’ প্রতি বছর অসংখ্য মানুষের জীবন কেড়ে নিচ্ছে নীরবে। বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বজ্রপাতের প্রবণতা বেশি ঘটছে। তার মধ্যে বাংলাদেশ রয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিতে।
আব্দুল হালিম বলেন, বলেন, সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় জানা যায়, বিগত ৪০ বছরে বাংলাদেশে বজ্রপাতের সংখ্যা বেড়েছে ১৫ শতাংশ। সরকার ২০১৬ সালে বজ্রপাতকে জাতীয় দুর্যোগের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। বজ্রপাতে হতাহতের মধ্যে বড় একটা অংশ রয়েছে কৃষক শ্রেণি, যারা খোলা মাঠে কাজ করে। তাই প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি বজ্রপাত সুরক্ষায় স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন পাবনার চাটমোহর উপজেলায় ৫০০ টি তালের চারা রোপণের মাধ্যমে সারাদেশব্যাপী বজ্রপাত প্রবণ এলাকায় তালের চারা রোপন কর্মসূচির সূচনা করে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিজ সুরভি আক্তার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আবু বোরহান, ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম, স্কয়ার প্রতিনিধি জোনাল সেলস ম্যানেজার কৃষিবিদ আসাদুল্লাহ আরমান আলী, ফিল্ড ম্যানেজার নুর আলম সাগর, এসডিও আব্দুল্লাহ আল হাসিব ইমনসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)