বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে
কাভার্ড ভ্যানের ধাক্কায় ৪ জনের মৃত্যু
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ এএম
সংগৃহীত ছবি
চট্টগ্রাম নগরীতে বিয়ের অনুষ্ঠান শেষে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের চার আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো সাতজন আহত হয়েছেন। শনিবার রাত দেড়টার দিকে কর্ণফুলী থানার শিকলবাহা কলেজ বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন কক্সবাজারের ঈদগাঁ ইউনিয়নের উত্তর মাইজপাড়ার মিফতা, মোরশেদ ও ফেরদৌস আলম এবং কক্সবাজার সদরের নাপিতখুলি এলাকার মাইক্রোবাসচালক মো. হাসান।
পুলিশ জানায়, মাইক্রোবাসে থাকা যাত্রীরা নগরীর আগ্রাবাদে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে ঈদগাঁ এলাকায় ফিরছিলেন। পথে কলেজ বাজার এলাকায় একটি কাভার্ড ভ্যান দ্রুতগতিতে ইউটার্ন নেয়ার সময় পেছন থেকে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়।
কর্ণফুলী থানার এসআই জাকির হোসেন জানান, দুর্ঘটনায় আহত সাতজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধারকাজে অংশ নেন।
দুর্ঘটনায় দায়ী কাভার্ড ভ্যানটি জব্দ করেছে পুলিশ। তবে এর চালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)