সারের সংকট নেই, মজুত ঠেকাতে ব্যবস্থা: কৃষিমন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পিএম
সংগৃহীত ছবি
দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, পর্যাপ্ত সার মজুত রয়েছে। তবে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে কেউ সার মজুত করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সম্প্রতি সংসদেও মন্ত্রী দেশে পর্যাপ্ত সার মজুত থাকার কথা জানিয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ফেনীর ফুলগাজীতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন কৃষিমন্ত্রী। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফর উপলক্ষে প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে সেখানে যান তিনি।
মন্ত্রী বলেন, সার নিয়ে কৃষকদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। সরকারের গুদাম ও ওয়্যারহাউসে পর্যাপ্ত মজুত রয়েছে। একই সাথে সার সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় নজরদারি জোরদার করা হয়েছে।
কৃষকদের সহায়তায় প্রথম ধাপে সারাদেশে ১ লাখ ১০ হাজার কৃষি কার্ড বিতরণের কথা জানান তিনি। এর মধ্যে ফেনীতে প্রায় সাড়ে ৭ হাজার কৃষক এই কার্ড পাবেন। আগামী ১৭ সেপ্টেম্বর ফেনীর ফুলগাজীতে প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানান মন্ত্রী। কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধনের বিষয়টি নিয়ে এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
এর আগে ফুলগাজীতে প্রধানমন্ত্রীর সমাবেশস্থল পরিদর্শন করেন কৃষিমন্ত্রী। তিনি সেখানে প্রস্তুতির অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মাহবুব উল করিম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার, কৃষি বিভাগের উপপরিচালক আতিক উল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)