পীরগঞ্জে জামায়াত নেতার গোডাউনে সরকারি চাল, সিলগালা
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ এএম
সংগৃহীত ছবি
রংপুরের পীরগঞ্জে একটি ব্যক্তি মালিকানাধীন গোডাউনে সরকারি চালের বেশ কিছু বস্তা পাওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার কাবিলপুর ইউনিয়নের লালদীঘি মেলা হাট এলাকায় মেসার্স নূর ট্রেডার্স নামের ওই গোডাউনে ভ্যানযোগে সরকারি চালের বস্তা নেয়ার সময় বিষয়টি স্থানীয়দের নজরে আসে।
স্থানীয় দুই যুবক ঘটনাটি মুঠোফোনে ভিডিও ধারণ করেন। পরে তাদের গোডাউনের ভেতরে নিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে সরকারি চালের মোট কত বস্তা সেখানে পাওয়া গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার পর গত বুধবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গোডাউনটি সিলগালা করে দেন। গোডাউনটি সিলগালা থাকায় সেখানে থাকা চালের সঠিক পরিমাণও জানা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেসার্স নূর ট্রেডার্সের মালিক আবদুল কাইয়ুম মিয়া। তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে যুক্ত এবং সাবেক ইউপি সদস্য বলে স্থানীয়ভাবে পরিচিত। তাঁর ছেলে নূর মোহাম্মদ উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের নেতা বলে জানা গেছে।
গোডাউনে সরকারি চাল পাওয়ার বিষয়ে আবদুল কাইয়ুম মিয়া বলেন, ‘আমি ১৭ বছর ব্যবসা করতে পারিনি। এখন সময় এসেছে।’
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আপাতত গোডাউনটি সিলগালা করে দিয়েছেন।
সরকারি চাল কীভাবে ওই গোডাউনে গেল, চালের প্রকৃত পরিমাণ কত এবং স্থানীয় দুই যুবককে মারধরের অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)