Logo
×

Follow Us

সারাদেশ

অবহেলার কারণে মশার প্রজনন হলে কঠোর আইনি ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ এএম

অবহেলার কারণে মশার প্রজনন হলে কঠোর আইনি ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, বাড়িঘর, দোকানপাট কিংবা প্রতিষ্ঠানের আশপাশে অবহেলাজনিত কারণে মশার প্রজননস্থল তৈরি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জেল-জরিমানাসহ কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।  

পরিবেশ উন্নয়ন সংস্থা-বাংলাদেশ এবং আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের যৌথ উদ্যোগে ‘পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা’ কর্মসূচির অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডিএসসিসি প্রশাসক বলেন, ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা পেতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিজেদের বাড়ি, আঙিনা ও চারপাশ পরিষ্কার রাখতে হবে। ছাদ, ড্রেন, টব, ফ্রিজ বা এসির নিচে কোথাও তিন দিনের বেশি পানি জমতে দেয়া যাবে না। বিশেষ করে নির্মাণাধীন ভবনের বেজমেন্টে পানি জমে মশার প্রজনন ঘটলে কোনো ছাড় দেয়া হবে না। মানুষের জীবন রক্ষায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।

তিনি বলেন, আগামী ১২ সেপ্টেম্বর (শনিবার) থেকে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে। 

প্রতি শনিবারের এই পরিচ্ছন্নতা অভিযানে স্কুল-কলেজের শিক্ষার্থীদের সক্রিয়ভাবে অংশ নেয়ার আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, নতুন প্রজন্মকে ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ রক্ষার আন্দোলনে নেতৃত্ব দিতে হবে। শিক্ষার্থীরা মাঠে নামলে সমাজ ও পরিবেশের ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করা সম্ভব।

বৃক্ষরোপণ জোরদারের ওপর গুরুত্বারোপ করে আবদুস সালাম বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে। তিনি নগরবাসীকে যত্রতত্র প্লাস্টিক ও পলিথিন বর্জ্য ফেলা থেকে বিরত থাকার অনুরোধ জানান।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে প্রতিষ্ঠানের জন্য একটি পানির পাম্প স্থাপন, শিক্ষার্থীদের যাতায়াতে সুবিধার জন্য সংশ্লিষ্ট ফুটওভারব্রিজ সরানোর উদ্যোগ গ্রহণ এবং বাসের টোল ফ্রি করার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগের আশ্বাস দেন প্রশাসক।

এছাড়া তিনি শিক্ষার্থীদের টিফিনের জন্য ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ টাকা অনুদান দেয়ার ঘোষণা দেন।

পরিবেশ উন্নয়ন সংস্থা-বাংলাদেশের সভাপতি অধ্যাপিকা সৈয়দা ফাতেমা সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ এবং আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর নূরজাহান আক্তারসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন