Logo
×

Follow Us

সারাদেশ

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সংকেত

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পিএম

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সংকেত

সংগৃহীত ছবি

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় লঘুচাপ সৃষ্টি হওয়ায় উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। পটুয়াখালীর কুয়াকাটা উপকূলে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। এরই মধ্যে আকাশ ঘন মেঘে ঢেকে রয়েছে এবং বৃহস্পতিবার সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে।

লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

একই সাথে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া পরিস্থিতির আরও অবনতি হলে সমুদ্রের ঢেউ ও বাতাসের তীব্রতা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মৎস্য সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, গভীর সমুদ্রে থাকা অনেক মাছ ধরার ট্রলার এখনো উপকূলে ফেরেনি। পরিস্থিতি খারাপের দিকে গেলে এসব ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরে আসতে হতে পারে।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়তে পারে। পাশাপাশি দমকা অথবা ঝড়ো হাওয়াও বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের প্রভাবে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে।

মন্তব্য করুন