যাত্রাবাড়ীতে ‘দৌড় দিবি না’বলে গুলিতে নিহত ১, আহত ১
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ এএম
সংগৃহীত ছবি
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে হেলমেট পরিহিত কয়েকজন দুর্বৃত্তের গুলিতে সাগর খান ইমরান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বিদ্যুৎ জাকারিয়া নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উত্তর ধলপুরের সরদার গলিতে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, গুলিতে হতাহতের ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
নিহত ইমরানের বয়স আনুমানিক ৪০ বছর বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে আহত বিদ্যুৎ জাকারিয়ার বয়স ৩২ বছর। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালে চিকিৎসাধীন জাকারিয়া সাংবাদিকদের জানান, সরদার গলিতে ৬ থেকে ৭ জন হেলমেট পরা ব্যক্তি মোটরসাইকেলে এসে ইমরানকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় তারা ‘ইমরান, দৌড় দিবি না’ বলে চিৎকার করছিলেন। গুলির ঘটনায় তার হাত ও পায়ে আঘাত লাগে।
পরে গুলিবিদ্ধ ইমরানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, ইমরানের মাথায় গুলি লেগেছিল। ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত জাকারিয়ার বাম পা ও ডান হাতে গুলি লেগেছে। তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন।
জাকারিয়ার স্ত্রী ঝিনুক আক্তার জানান, ধলপুরের সরদার গলিতে তাদের একটি রিকশার গ্যারেজ রয়েছে। ঘটনার সময় রাতে গ্যারেজের সামনে ইমরান ও তার স্বামী বসেছিলেন। এ সময় চারটি মোটরসাইকেলে করে হেলমেট পরা ৭ থেকে ৮ জন ব্যক্তি সেখানে এসে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ইমরান ও জাকারিয়া দুজনই গুলিবিদ্ধ হন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিব জানান, গুলিতে হতাহতের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও আটকের বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)